Image description

২৪ বছর হয়ে গেল বিশ্বকাপ নামক সোনালি ট্রফি ছোঁয়া হয়নি ব্রাজিলের। ২০২৬ সালকে তাই অনেকে ধরেছেন, ব্রাজিলের পুনর্জন্ম হিসেবে। কেননা দলটির ডাগআউটে রয়েছে বিশ্বমানের কোচ। আর দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারের জন্য হলেও ব্রাজিল চাইবে এবারের বিশ্বকাপ জিততে।

চোটে জর্জরিত নেইমার বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারেন কি না সেটা নিয়ে সংশয় ছিল। তবে ব্রাজিল ও নেইমার ভক্তদের মনের সংশয় বোধকরি কিছুটা দূর হতে চলেছে। কেননা ব্রাজিলিয়ান গণমাধ্যম খবর প্রচার করেছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষেই মাঠে নামবেন নেইমার।

ইতালিয়ান ফুটবল জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানো ব্রাজিলিয়ান দৈনিক গ্লোবোর বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানান, ‘নেইমার সম্ভবত মরক্কোর বিপক্ষে সুস্থ হয়ে মাঠে নামতে চলেছে।’

এর আগে নেইমারের পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ব্রাজিল মেডিকেল টিম থেকে কয়েকটি ধাপ নির্ধারণ করে দিয়েছিল। প্রথম লক্ষ্য ছিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার। কিন্তু বুধবার অনুশীলনে নেইমার বেশ ভালো অনুভব করেন এবং ফিজিও জানান নেইমার প্রথম ম্যাচেই নামার জন্য প্রস্তুত।

 

নেইমারের মাঠে নামার খবরে ব্রাজিলের সমর্থকরা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে। কেননা বিশ্বকাপে তাদের শেষ গোলটাই যে এসেছে নেইমারের পা থেকে।