Image description

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে আলোচিত বিয়ে সংক্রান্ত মামলায় খালাস পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন নাসির হোসেন।

বুধবার (১০ জুন) দুপুর ১টা ৪৪ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।’

তিনি আরও লেখেন, আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল এবং সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তিনি আদালতকে ধন্যবাদ জানান। পাশাপাশি মিথ্যা অপপ্রচার ও মনগড়া তথ্য উপেক্ষা করে সত্যকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

এর আগে একই দিনে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন। রায় ঘোষণার সময় তারা দুজনই আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এ মামলা দায়ের করেন। মামলায় অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছিল।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

শীর্ষনিউজ