Image description

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে সন্তানহারা পরিবারগুলোকে ৮০ লাখ টাকা করে দেওয়া হবে। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

গতকাল রবিবার সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আদ্-দ্বীনের আইনজীবী শিশির মনির। পূর্বঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। সন্তানহারা প্রতিটি পরিবারকে এরই মধ্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে শিশির মনির জানান, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর (শোকজ) জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন লাইসেন্স বাতিল হবে না—স্বাস্থ্য অধিদপ্তরকে এই জবাব দিতে আরো ৪৮ ঘণ্টা, অর্থাত্ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে সশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি।

এদিকে শোকজের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সময় বৃদ্ধির আবেদনের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, শোকজের জবাব দিতে নির্ধারিত সময় রবিবার বিকাল ৫টা। এরপর জবাব পাওয়া না গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হবে।

এদিকে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান বাস্তবতায় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, স্বাস্থ্য সুরক্ষায় কোনো পূর্ণাঙ্গ আইন না থাকায় স্বাস্থ্যসেবা অবহেলার জন্য দায়ীদের কার্যকরভাবে শাস্তির আওতায় আনা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য অধিকার কর্মীরা একটি শক্তিশালী স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।