রাজধানীর মিরপুরে একই এলাকায় আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেলিনা আফরোজ (৫৫) নামে ওই নারীর মরদেহ বুধবার (৩ জুন) রাতে মিরপুর ৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তিনি ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।
পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। সর্বশেষ ২৬ মে রাতে তার ভাতিজা মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।
এর আগে একই এলাকার একটি ফ্ল্যাট থেকে গত ৩১ মে বৃদ্ধা নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় একাকী জীবনযাপন, পরিবার থেকে দূরে থাকা এবং মৃত্যুর পর দীর্ঘ সময় মরদেহ পড়ে থাকার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
শীর্ষনিউজ