Image description

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত চার বাংলাদেশি আহত হয়েছেন। আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুন) কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস কর্তৃপক্ষ নিয়মিত তাদের খোঁজ নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী রকেট বা ড্রোন হামলার ঘটনা ও তা প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে চলমান পরিস্থিতিতে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার ও অন্যদেরও এতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ৬০ জনের বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশ কুয়েত সিটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।