রাজধানীর কদমতলীর শনির আখড়ায় ইন্টারনেট সার্ভিসের তিন কর্মীকে মারধর করে তাদের বেশ কিছু মালামাল নিয়ে গেছে এক দল দুর্বৃত্ত।
আহতরা হলেন- ‘গতি অনলাইন নেট সার্ভিসের’ কর্মচারী, হৃদয় (১৯), রাতুল (২২), ও অন্তর (১৯)।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে সেখান থেকে রাত সোয়া ১০টায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (৩ জুন) রাতে শনির আখড়া পোস্ট অফিস গলিতে তিন কর্মী রাস্তায় কাজ করছিলেন। সে সময়ে একদল দুর্বৃত্ত তাদেরকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে, সেখানে ব্যবহৃত বেশ কিছু মালামাল নিয়ে যায় বলে জানিয়েছেন ‘গতি অনলাইন নেট সার্ভিসের’ মালিক মিরাজ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মিরাজ আরও বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তা দেখলে হয়তো শনাক্ত করা যাবে। কী কারণে এমনটি করেছে, সে বিষয়ে তিনি জানাতে পারেনি।