গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন।
আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ তাদের অনুসারীদের নিয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) বিএনপি নেতা ডা. কে এম বাবরের হাতে ফুল তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দাড়া, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিদের বিএনপিতে যোগদানকে তিনি স্বাগত জানান।
যোগদানকারী নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান।