Image description

লক্ষ্মীপুরের রায়পুরে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে এনসিপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে যুবদল নেতা রুহুল আমিন বাদী হয়ে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এর আগে শনিবার (৩০ মে) রাতে উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে স্থানীয়রা এনসিপি নেতা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মামলার এজাহারে বলা হয়, আনোয়ার হোসেন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে পায়ের নিচে রাখার ছবি প্রচারের অভিযোগও আনা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বাদী পক্ষের ওপর হামলার অভিযোগও ওঠে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আনোয়ার হোসেনকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে এবং পরে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শীর্ষনিউজ