Image description

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ না করে তা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার দুপুরের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও তা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয় বলে জানান হাসপাতালের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তরিকুল ইসলাম মুকুল।

তিনি বলেন, নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে এবং প্রতিবেদন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটির প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তারা জানিয়েছে, সরকারি তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য, কোরবানির ঈদের আগের দিন বুধবার ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করে। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শীর্ষনিউজ