মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে শিশুসহ দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরেকজন। শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকার ঘটনা এটি।
নিহতরা হলেন গৃহবধূ আমেনা (২৮) ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মো. ইউসুফ মোল্লা (৩৫) তার বড় ভাই সালাম মোল্লা (৪০) ও তার স্ত্রী আমেনার সঙ্গে পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এর একপর্যায়ে ক্ষুব্ধ ইউসুফ মোল্লা তার ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদকে কুপিয়ে জখম করে। জখম গুরুতর ও প্রচুর রক্তপাত হওয়া ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা যায়।
এরপরে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরলে সালাম মোল্লার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছোট ভাই ইউসুফ। অতর্কিত হামলায় গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানেই তার চিকিৎসা চলছে। এবং অভিযুক্ত ইউসুফ মোল্লাকে তাৎক্ষণিক আটক করা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, পারিবারিক বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।