খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, পারিবারিক বিরোধের কারণে ওই তিনজনকে হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে লাশগুলো উদ্ধার হয়। নিহতরা হলেন, বেবি বেগম (৫৫), তার নাতি শামীম ব্যাপারী (১৩) ও মুস্তাকিম (৪)।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক কলহের জেরে নিহত বেবির মেয়ে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘চার বছর আগে স্বামী মাসুম বেপারীর (৪৫) সঙ্গে ডিভোর্স হয় ফাতেমার। ডিভোর্সের পর তাদের সন্তান শামীম এবং মুস্তাকিম মা ফাতেমার সঙ্গে থাকতো। লাশগুলো উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’