ইরানের বন্দরের দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজে হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে করে জাহাজটিকে বিকল করে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (৩০ মে) তারা জানিয়েছে, গাম্বিয়ার পতাকাবাহী জাহাজটি যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে যাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ওমান উপসাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার সময় এমভি লিয়ান স্টার নামের জাহাজটিকে পর্যবেক্ষণে রাখা হয়।
এ সময় জাহাজটির উদ্দেশে ২০টির বেশি সতর্কবার্তা পাঠানো হয়। জানানো হয় যে, এটি মার্কিন অবরোধ লঙ্ঘন করছে।
সেন্টকমের দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি ইরানের দিকে অগ্রসর হতে থাকলে একটি মার্কিন সামরিক বিমান জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে জাহাজটি বিকল হয়ে পড়ে এবং ইরানের দিকে যাত্রা অব্যাহত রাখতে পারেনি।
মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, চলমান এই অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত পাঁচটি বাণিজ্যিক জাহাজ অচল করা হয়েছে। পাশাপাশি ১১৬টি জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।
তবে ঘটনাটি নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাহাজটিতে কী ধরনের পণ্য ছিল বা এর চূড়ান্ত গন্তব্য কোন বন্দর ছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য দেয়নি সেন্টকম।
সূত্র: আলজাজিরা, সিএনএন