ঈদের নতুন জামা কিনে আর বাড়ি ফেরা হলো না ১৮ মাস বয়সী শিশু সাফওয়ান হাসেন এবং তার মায়ের। ঈদকে সামনে রেখে নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারান মা-ছেলে।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার কারারচর এলাকার সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং তাদের ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান হাসেন।
নিহতদের স্বজনরা জানান, সুজন মিয়া দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করেন। কখনো ইজিবাইক চালিয়ে, আবার কখনো রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সংসার চালান তিনি। ঈদুল আজহা উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নরসিংদী শহরে কেনাকাটা করতে আসেন। দুই সন্তানের জন্য নতুন জামা-কাপড় কেনার পর বাড়ি ফিরছিলেন তারা।
ফেরার পথে নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্ম অতিক্রম করার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আশ্রুসিক্ত কণ্ঠে সুজন মিয়া বলেন, আমার চোখের সামনে আমার অবুঝ শিশু সন্তান আর স্ত্রীকে হারালাম। আগামী ঈদ আমি কী নিয়ে থাকব? ট্রেন আসতে দেখে আমি অনেক চিৎকার করেছি, আটকানোরও চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনের এক নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস স্টেশন অতিক্রম করছিল। ওই পরিবারটি রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।