কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে (সম্পর্কে সৎ নানা, নানির দ্বিতীয় স্বামী) ধর্ষণের অভিযোগে শাহবুল আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (২৬ মে) সকালে ভেড়ামারা পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত শাহবুল আলী ভেড়ামারা পৌরসভার ৩নং ওয়ার্ড নওদাপাড়া গ্রামের মৃত পরিষ্কার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কিশোরী নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা শাহবুল আলীকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।