টানা বৃষ্টিতে রাজধানীর মৌচাক মার্কেটের নিচতলা তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তি পড়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর রাজধানীতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়। এতে মৌচাক মার্কেটের নিচতলায় প্রবেশ করে।
ব্যবসায়ীরা জানান, বৃষ্টির পানিতে বিভিন্ন দোকানের মালামাল ভিজে ক্ষতিগ্রস্ত হয়। অনেক দোকান মালিককে জরুরি ভিত্তিতে পণ্য সরিয়ে নিতে দেখা গেছে।
এদিকে পানি জমে যাওয়ায় ক্রেতাদের চলাচলেও বিঘ্ন ঘটে। মার্কেটের প্রবেশপথে হাঁটুসমান পানি জমে থাকায় অনেকেই ফিরে যান।
মার্কেটের কাপড় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, দুপুরের পর টানা বৃষ্টির পর দোকানে পানি ঢুকা শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দোকানের ভেতরে হাঁটুসমান পানি জমে যায়। অনেক কাপড় নষ্ট হয়ে গেছে।
কসমেটিকস ব্যবসায়ী সোহেল রানা বলেন, প্রতি বছর বর্ষা এলেই একই অবস্থা হয়। পানি ঢুকে ব্যবসা বন্ধ রাখতে হয়। আজও কয়েক ঘণ্টা দোকান বন্ধ ছিল। ক্রেতারা দোকানে ঢুকতেই পারেননি। অনেক পণ্য পানিতে ভিজে গেছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছি।
ব্যবসায়ীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই মৌচাক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে প্রতি বর্ষাতেই তাদের এমন দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।