ফুটবল বিশ্বকাপ চলাকালে ইরানের জাতীয় ফুটবল দলকে মেক্সিকোতে থাকার অনুমতি দিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ইরান দলকে নিজ দেশে অবস্থানের সুযোগ দিতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।
তিনি জানান, বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তবে মার্কিন প্রশাসন দলটিকে সেখানে অবস্থানের অনুমতি দিতে আগ্রহী নয়। এ পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেক্সিকোর সরকারের সঙ্গে যোগাযোগ করে।
সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে শিনবাউম বলেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো কারণ নেই। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ জানান, বিশ্বকাপ চলাকালে দলের বেজক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হবে।
তিনি বলেন, মূলত ভিসা জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খেলোয়াড়রা সরাসরি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকোতে যেতে পারবেন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ও সফর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। গ্রুপ জি-তে থাকা ইরান প্রথম ম্যাচে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। দুটি ম্যাচই লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান।