রাজধানীর বাড্ডায় একটি চিপস ফ্যাক্টরি থেকে দগ্ধ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। মোস্তফা রংপুরের তারাগঞ্জ থানার বড় কুমারপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। মাহমুদুল হাসান একই থানার কাজীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তারা দু’জনেই ওই ফ্যাক্টরিতে কাজ করতেন।
বাড্ডা থানার এসআই হারুন অর রশিদ বলেন, ‘সোমবার ভোর ৪টার দিকে পূর্ব বাড্ডার কবরস্থান রোডে আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে দগ্ধ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, ‘মৃত দুই যুবক ওই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’