রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি সম্ভাব্য সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ড ও সাম্প্রতিক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা পেশাদার অনেক অপরাধীকে যারা দীর্ঘদিন আইনের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়িয়েছে, তাদের গ্রেপ্তার করছি। বিভিন্ন আলোচিত মামলার অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা পেশাদার অনেক অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত চার্জশিট দিয়ে অভিযুক্তকে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ নির্দেশ দেয়া হয়েছে। শাস্তির বিষয়টি আদালত নিশ্চিত করবে। রামিসা, আছিয়া, তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের ফাইভ মার্ডারসহ সাম্প্রতিক আলোচিত সব হত্যাকাণ্ডের তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ বাহিনীর সংস্কারও করা হবে।
সরকার খুব বেশি সময় পায়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে, এজন্য কিছুটা সময় দিতে হবে। নাগরিকত্ব ইস্যুতে পশ্চিমবঙ্গে চলমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো চাই আইনগতভাবে শেখ হাসিনা ফিরে আসুক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার।