ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। ফলে বর্তমানে তার মুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন খারিজ করে এই সিদ্ধান্ত দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, জামিন বহাল থাকলেও ড. আবুল বারকাতকে নিম্ন আদালতে তার পাসপোর্ট জমা দিতে হবে। এর আগে হাইকোর্ট একটি বেঞ্চ তাকে জামিন দেন। পরে সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ খারিজ হয়ে যায়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের অ্যাননটেক্স গ্রুপের ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ড. আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হোসেন। পরে গত বছরের ১০ জুলাই এ মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।