Image description

রাজধানীর মিরপুরে বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় বস্তিবাসীর হামলা থেকে প্রাণে বাঁচতে ঘটনাস্থল থেকে পালিয়েছেন তারা। মিরপুরের পল্লবীতে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অন্তত পাঁচ থেকে ছয়জন সদস্য আহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পল্লবীর কালশীর বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেন পুলিশ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন।

অভিযান চলাকালে নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা-পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট প্রটেকশন অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) সদস্যরা। স্থানীয়দের হামলায় পিওএম ও থানা-পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। পল্লবী থানা-পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, হামলার মুখে প্রাণ বাঁচাতে পিছু হটছে। অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা। এ সময় তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় বস্তিবাসীদের।

ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে সরকারি জমি উদ্ধার করতে বাউনিয়া বাঁধ বস্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুর থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।