পরকীয়া সম্পর্কের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে আটক করে ব্যাপকভাবে অপদস্ত করা হয়েছে। রোববার (১৭ মে) ভোররাতে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাচই গ্রামের প্রবাসীর স্ত্রীর সাথে একই গ্রামের আতর আলীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। গত রোববার ভোররাতে আতর আলী ওই নারীর শয়নকক্ষে যান।
বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ঘরের ভেতর থেকে ওই নারী এবং ঘরের মাচায় লুকিয়ে থাকা আতর আলীকে ধরে ফেলেন।
উত্তেজিত গ্রামবাসী দুজনকে ওই সময় শেকল দিয়ে বেঁধে ঘর থেকে বের করে আনেন এবং অভিযুক্ত নারীর মাথার চুল কেটে দেওয়ার চেষ্টা করেন।
ভুক্তভোগী নারী তখন চিৎকার করে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন, ‘কোনো অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে, ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রামবাসীর হাতে আটক নারী-পুরুষকে উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে বলেন, উভয়কে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।