Image description

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়ার ফোনকল ও মেসেজের পরও সাড়া না দেওয়ার অভিযোগের পর এবার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান।

 

এর আগে রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমপি মোবাশ্বের ভূঁইয়া অভিযোগ করেন, তিনি ডিআইজিকে একাধিকবার ফোন ও মেসেজ দিলেও সাত দিনেও কোনো প্রতিউত্তর পাননি। বিষয়টি নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 

তবে এ বিষয়ে ডিআইজি মো. মনিরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ‘আমি তো আপনার সঙ্গে কথা বললাম। আর আপনারা জানেন আমাদের পুলিশ সপ্তাহ অনুষ্ঠান ছিল, সেখানে মোবাইল ব্যবহার নিষেধ ছিল। গতকাল প্রধানমন্ত্রীর প্রোগ্রামে চাঁদপুরে ছিলাম। হয়তো তখন কল আসতে পারে, তাই ধরা হয়নি। আপনার মাধ্যমে মাত্রই জানলাম এমপি মহোদয় কল করেছে। আমি খাওয়া-দাওয়া শেষ করে কল দিয়ে কথা বলব।’

 

তিনি বলেন, সরকারি ব্যস্ততা ও কর্মসূচির কারণে তিনি ফোন ধরতে পারেননি। বিষয়টি এখন তিনি জেনেছেন এবং পরবর্তীতে এমপি মোবাশ্বের ভূঁইয়ার সঙ্গে কথা বলবেন বলেও উল্লেখ করেন।

 

এর আগে এমপি মোবাশ্বের ভূঁইয়া ফেসবুক পোস্টে দাবি করেন, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি কোনো সাড়া পাননি, যা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ফায়ার সার্ভিসের এক প্রকল্প পরিচালক (পিডি) ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ সংক্রান্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

 

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।