Image description

( প্রতীকী ছবি © এআই দিয়ে তৈরিকৃত ছবি)

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সমকামিতার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হ্যাভেন সিটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার (নাটোর), ২৫ ব্যাচের শিক্ষার্থী মনিরুল (নাটোর) এবং একই ব্যাচের রবিউল (পাবনা)।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের আচরণ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে সন্দেহ ছিল। সেই সূত্র ধরে বিকেল থেকেই কয়েকজন শিক্ষার্থী তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে রাতের দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। এরপর নিরাপত্তা শাখায় নিয়ে যাওয়া হয় তাদের।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তদের মোবাইল ফোনে বিভিন্ন সমকামী গ্রুপ ও ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথোপকথনের কিছু তথ্যও দেখা যায় বলে দাবি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মনিরুল বলেন, ‘ছোটবেলা থেকেই তিনি ছেলেদের প্রতি আকর্ষণ অনুভব করেন এবং মেয়েদের প্রতি তার আগ্রহ নেই। এ বিষয়ে কাউকে প্ররোচিত করেননি।’

অন্যদিকে রবিউল দাবি করেন, ‘তিনি সমকামী নন। মনিরুলের সঙ্গে তার ভালো বন্ধুত্ব থাকায় অনেকেই ভুল বুঝেছেন। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।’

অপর অভিযুক্ত কাউসার বলেন, ‘তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। সিনিয়রদের সঙ্গে পরিচিত হওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন বলে জানান তিনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

পরে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।