ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ০১:৫০ ঘটিকায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চাকুরিচ্যুত সেনা সদস্য ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবি এর সাথে সক্রিয়ভাবে জড়িত।
পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মাহেদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী আবু বক্কর আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত সেনা সদস্য মাহেদের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া যায়। এ অবস্থায় গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো একটি চিঠিতে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা করে সতর্কতামূলক নির্দেশনা জারি করে পুলিশ সদর দপ্তর। দুই পৃষ্ঠার চিঠির উপরিভাগে ‘গোপনীয়’ লেখা থাকলেও এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর তৎপর হয় বড়লেখা থানা পুলিশ। পরে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহেদ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা আছে বলে জানান তিনি। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই মাহেদকে সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন ০৫ নং শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (১৫ মে) রাত ০১:৫০ ঘটিকায় তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সিটিটিসি।