Image description

শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচি ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) এর ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

পাশাপাশি তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত উপাচার্য ড. মামুন অর রশিদ বলেন,  মন্ত্রণালয়ে যোগদান শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসবেন। বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিয়ে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করা হবে।

এদিকে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের শাটডাউন কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত ছিল। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, সকালে বিভাগীয় কমিশনার ক্যাম্পাসে এসে ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন। তবে শিক্ষকেরা ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নিয়ে সেই বৈঠকে অংশ নেননি।

তবে চলমান আন্দোলনের মধ্যে নতুন উপচার্য নিয়োগে আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত , ২০২৫ সালের ১৩ মে উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ড. তৌফিক আলম। পরে বিভিন্ন বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সর্বশেষ গত ২১ এপ্রিল ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে আন্দোলন শুরু হয়। শিক্ষকদের অভিযোগ, আইনি জটিলতার অজুহাতে তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে তারা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে শাটডাউন কর্মসূচি পালন করছেন।