Image description

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সাব রেজিস্ট্রারের অফিসের দেয়ালে অফিস চার্টারে শেখ মুজিবুর রহমানের একটি উক্তি লেখা থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে আকস্মিকভাবে অফিসটি পরিদর্শনে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

 

স্থানীয়রা জানায়, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হঠাৎ করেই কলমাকান্দা সাব-রেজিস্ট্রারের অফিস পরিদর্শনে আসেন। এ সময় অফিসের দেয়ালে টানানো চার্টারে শেখ মুজিবুর রহমানের উক্তি ‘সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান।

তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।’ 

 

লেখাটি দেখতে পেয়ে ডেপুটি স্পিকার অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সাব রেজিস্ট্রারকে তলব করেন। কেন এখনো ওই উক্তি সরানো হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা চান তিনি।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান জানান, মাত্র এক মাস আগে তিনি সেখানে যোগদান করেছেন এবং দুই কর্মদিবস অফিস করেছেন।

এ ছাড়া তিনি কলমাকান্দায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বিষয়টি নজরে না আসায় উক্তিটি রয়ে গেছে বলে জানান তিনি। একই সঙ্গে এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং চার্টার পরিবর্তনের কথা জানান।

 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমি না জানিয়ে সাব রেজিস্ট্রারের অফিস পরিদর্শনে এসেছি। আগে থেকে জানানো হলে তারা অনেক কিছুই করত।

বিষয়টি দেখে আমি হতাশ হয়েছি। যারা এ ধরনের বিষয় ইগনোর করছেন, তাদের বিরুদ্ধে চাকরির বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।’