মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং সংসদ সদস্য মাসুদ সাঈদী।
বুধবার (১৩ মে) রাতে ব্যবসায়িক সফরে মালয়েশিয়ায় পৌঁছানোর পর হাসপাতালেই গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত জামায়াতের কয়েকজন নেতাও তার সঙ্গে ছিলেন।
মাসুদ সাঈদী জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা উন্নতির দিকে। এর আগে গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
তিনি আরও বলেন, মির্জা আব্বাসের সঙ্গে তাদের পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। ছোটবেলা থেকেই তিনি তাকে চেনেন এবং সবসময় তার স্নেহ পেয়েছেন বলেও উল্লেখ করেন মাসুদ সাঈদী।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত দুই পরিবারের এই সাক্ষাৎ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
শীর্ষনিউজ