Image description

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে আবেগঘন পরিবেশে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখর হয়ে ওঠেন। ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।

জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে মরদেহবাহী গাড়ির সঙ্গে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা বের হন। এ সময় মাঠের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। পরে অ্যাম্বুলেন্সটি মীরসরাই উপজেলার ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়। স্লোগান দিতে দিতে একাংশ নেতাকর্মী নগরীর জিইসি এলাকার দিকে চলে যান।

এর আগে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

চট্টগ্রাম সিটির মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী একজন রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা। বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন।

চট্টগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হক বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তি হিসেবে তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী। চট্টগ্রামের উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

শীর্ষনিউজ