Image description

ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। হঠাৎ এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে জেলা শহরের পূর্ব মেড্ডায় কোকিল টেক্সটাইল এলাকা থেকে মিছিলটি বের হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী আকস্মিক এ মিছিলটি বের করেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

এ ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেলের বহর নিয়ে শহর প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ঘেরাও করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, কয়েকটা টোকাই ও মাদক ব্যবসায়ীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ একটি চোরাগোপ্তা মিছিল করে পালিয়েছে। আমরা মোটরসাইকেলের বহর নিয়ে সারা শহর তল্লাশি করেও ছাত্রলীগের কাউকে খুঁজে পাইনি। প্রশাসনের গাফিলতির কারণেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা এই তৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান জানাই।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। কোনো গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে অবগত করেনি। মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে।