পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের দাপট যেন থামছেই না। মিরপুর টেস্টে ১০৪ রানের জয়ে টানা তৃতীয়বারের মতো পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা।
এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । নিজের পোস্টে তিনি বাংলাদেশের লড়াকু মানসিকতা, পরিকল্পনা ও আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করেন।
মাশরাফি লিখেছেন, ‘পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে জয়ের পর এবার দেশের মাঠে দারুণ জয়। পাঁচ দিন ধরে লড়াই করে পেশাদারিত্ব, পরিকল্পনা, আগ্রাসন ও সাহস ধরে রেখে যেভাবে জয়টা এসেছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এগিয়ে চলার বিজ্ঞাপন হয়ে থাকবে এই জয়…অভিনন্দন ও ভালোবাসা, বাংলাদেশ!’
গত বছর পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে হারাল বাংলাদেশ।
মিরপুর টেস্টে বাংলাদেশ দেখিয়েছে ধৈর্য, পরিকল্পনা আর আক্রমণাত্মক মানসিকতার দুর্দান্ত সমন্বয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়ে পাকিস্তানকে চাপে রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত পঞ্চম দিনে ১০৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।