বিয়ের অনুষ্ঠানে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে কথা বিবেচনায় রেখে বিএনপির নির্ধারিত কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্ব নির্ধারিত একটি দলীয় কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন তিনি, শুধুমাত্র একই ভেন্যুতে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা জেনে।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, কেআইবি মিলনায়তনে দিনব্যাপী বিএনপির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধানমন্ত্রী অবগত হন যে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির কারণে যেন নবদম্পতি ও তাদের পরিবারের আনন্দ আয়োজনে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য তিনি তাৎক্ষণিকভাবে দলীয় সভা সংক্ষিপ্ত করার নির্দেশ দেন।
তবে শুধু সংক্ষিপ্তই করেননি, কর্মসূচি শেষে মিলনায়তন ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা ও শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর এই আকস্মিক উপস্থিতিতে অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন। অনেকেই বলেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজন ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন তার দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় বহন করে।