Image description

খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যবর্তী সাজেক ইউনিয়নের শুকনাছড়া গ্রামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরের এ ঘটনায় নিহত হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯) সাজেকের রেতকাবা গ্রামের বাসিন্দা।

নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে ঘটনার নিন্দা জানিয়েছে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার সাজেক-দীঘিনালা পর্যটন সড়কে অর্ধদিবস অবরোধ ঘোষণা করেছে সংগঠনটি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে তরুণ চাকমা শুকনাছড়া গ্রামের একটি বাড়িতে অবস্থান করেন। শনিবার ভোরের দিকে সেখান থেকে বের হলে পথে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষের দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে নিহত তরুণ চাকমাকে নিজেদের কর্মী দাবি করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ। তাদের অভিযোগ, ঘটনার আগের রাতে একদল সশস্ত্র ব্যক্তি দীঘিনালা সদরের কলেজটিলা এলাকা থেকে শুকনোছড়া এলাকায় অবস্থান নেয়। তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যাকাণ্ডের পর গতকাল সকালে সাজেক-দীঘিনালা সড়কের উজোবাজারে বিক্ষোভ মিছিল করেছে সাজেক ইউনিয়ন শাখার ইউপিডিএফ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে আগামী সোমবার সাজেক-দীঘিনালা পর্যটন সড়কটি অর্ধদিবস অবরুদ্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করা হয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেন ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, ‘ওই এলাকায় আমাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। এ হত্যাকাণ্ডে আমাদের সংগঠন জড়িত নয়।’