Image description

বিএনপি ও জামায়াতে ইসলামী যদি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর তৈরি না করে, তাহলে দলটির জন্য নতুন করে রাজনীতিতে জায়গা করে নেওয়া সহজ হবে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক আকবর হোসেন।

 

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন আলাপনে তিনি এসব কথা বলেন।

 

শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যতদিন ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, ততদিন বাংলাদেশে দলটির ভবিষ্যৎ সংকুচিতই থাকবে বলে মনে করেন তিনি।

 

আকবর হোসেন বলেন, শেখ হাসিনা যদি ভারতে আশ্রয় না নিয়ে অন্য কোনো দেশে; যেমন—ব্রিটেনে অবস্থান করতেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজ ভিন্ন হতে পারত।

 

 

তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের পুরো শীর্ষ নেতৃত্বই এখন ভারতে অবস্থান করছে। তারা যতদিন ভারত থেকে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করতে চাইবে, ততদিন সফল হবে না।

 

তার ভাষায়, বাংলাদেশের মানুষের মধ্যে নানা কারণে ভারতবিরোধী মনোভাব তৈরি হয়েছে। ফলে আওয়ামী লীগ ভারত থেকে রাজনৈতিক তৎপরতা চালালে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা আরও জোরালো হবে যে ভারতই দলটিকে পরিচালনা করছে।