Image description

‘রাজনৈতিক চাপের মুখে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি নিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন।

 

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। হল প্রশাসনের প্রতিটি কাজে তাকে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

তাসলিম উদ্দিনের অব্যাহতিপত্র গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অব্যাহতিপত্রে মোহাম্মদ তাসলিম উদ্দিন পারিবারিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, এ এফ রহমান হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তিনি অব্যাহতিপত্র জমা দিয়েছেন। কর্তৃপক্ষ এই হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন।

 

বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থি শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক ড. তাসলিম উদ্দিন ক্যাম্পাসের ছাত্ররাজনীতি ও শিক্ষক রাজনীতির চাপের সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন। তবে তিনি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করে রাজনৈতিক চাপের বিষয়টি খোলাসা করেননি।

 

ড. তাসলিম উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দুই বছর মেয়াদে এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

 

ড. তাসলিম উদ্দিন বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে কিছু শিক্ষার্থী হল প্রশাসনের প্রতিটি কাজে অযৌক্তিকভাবে বাধা দিচ্ছেন। ক্যাম্পাসে বিদ্যমান ছাত্ররাজনীতির প্রভাবে এমন কাজ করা হচ্ছে, যার সঙ্গে জাতীয় রাজনীতি সম্পৃক্ত রয়েছে।

 

তিনি বলেন, হলের লাইব্রেরি সংক্রান্ত, আসন বিন্যাস ও শিফটিং, ক্যান্টিন সংস্কারসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ পরিচালনা করতে গিয়ে আমি পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছি। আমাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, তাই পদত্যাগ করেছি। যতদিন পর্যন্ত দায়িত্বে ছিলাম, ততদিন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘হল প্রভোস্টের দায়িত্ব থেকে তিনি (ড. তাসলিম উদ্দিন) অব্যাহতি চেয়েছেন। তবে কোনো রাজনৈতিক চাপের কারণে তিনি পদত্যাগ করেছেন কি না আমার জানা নেই।’