মধ্যপ্রাচ্যের রাজপরিবারের সদস্য পরিচয় দিয়ে কোটি কোটি ডলার জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই সহোদরকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ওহিও অঙ্গরাজ্যের একটি আদালত ৪২ বছর বয়সী জুবায়ের আল জুবায়েরকে ২৪ বছর এবং ৩১ বছর বয়সী মুজাম্মিল আল জুবায়েরকে ২৩ বছরের কারাদণ্ড দেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তারা কয়েক বছর ধরে নিজেদের ধনী ও প্রভাবশালী হিসেবে পরিচয় দিয়ে প্রায় ২ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩০ কোটি টাকা) হাতিয়ে নেন।
রায় ঘোষণার সময় বিচারক ডোনাল্ড নুজেন্ট বলেন, এই দুই ভাই বিপুল অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে তাদের অপরাধকে বিলাসবহুল জীবনযাপনের আড়ালে ঢাকার চেষ্টা করেছেন।
তদন্তে জানা যায়, জুবায়ের নিজেকে সংযুক্ত আরব আমিরাতের এক রাজকুমারীর স্বামী দাবি করতেন। অন্যদিকে মুজাম্মিল নিজেকে একটি হেজ ফান্ডের ব্যবস্থাপক হিসেবে পরিচয় দিতেন। তারা ভুয়া বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি ব্যবসা এবং কোভিড-১৯ ত্রাণ তহবিলের নামে অর্থ সংগ্রহ করতেন।
প্রসিকিউটরদের মতে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এই বিপুল অর্থ আত্মসাৎ করেন। এর মধ্যে এক চীনা বিনিয়োগকারীর কাছ থেকেই প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার প্রতারণার মাধ্যমে নেওয়া হয়।
হাতিয়ে নেওয়া অর্থ দিয়ে তারা ব্যক্তিগত বিমানে ভ্রমণ, বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি ও অন্যান্য ব্যয়বহুল সামগ্রী কিনে জীবনযাপন করতেন।
এছাড়া তাদের অপরাধ আড়াল করতে ইস্ট ক্লিভল্যান্ডের মেয়রের চিফ অব স্টাফ মাইকেল স্মেডলিকে ঘুষ দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। ঘুষের বিনিময়ে তিনি তাদের সরকারি সুবিধা নিতে সহায়তা করেন।
দুই সপ্তাহের বিচার শেষে ফেডারেল জুরি বোর্ড দুই ভাইকে ঘুষ, জালিয়াতি ও অর্থপাচারসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করে। একই মামলায় মাইকেল স্মেডলিকেও আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট।
শীর্ষনিউজ