Image description

স্মার্টফোন বাজারে আইফোন-১৮ নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই সব আলো কেড়ে নিচ্ছে অ্যাপলের ২০তম বার্ষিকীর বিশেষ আইফোন। ২০২৭ সালে আইফোনের দুই দশক পূর্তি উপলক্ষে এমন এক ডিভাইস আসতে যাচ্ছে, যা প্রযুক্তির ধারণাকেই বদলে দিতে পারে।

 

 

সাম্প্রতিক লিক ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, এই বিশেষ আইফোনে থাকবে একাধিক যুগান্তকারী ফিচার-যার অনেক কিছুই আগে কোনো আইফোনে দেখা যায়নি।

প্রথমত, ফোনে আর থাকবে না প্রচলিত যান্ত্রিক বাটন।

তার বদলে যুক্ত হবে আধুনিক ‘সলিড-স্টেট হ্যাপটিক বাটন’। অবাক করার বিষয় হলো-ফোন বন্ধ থাকলেও বা ব্যাটারি শেষ হলেও এই বাটন কাজ করবে।
এতে ব্যবহার করা হবে বিশেষ আল্ট্রা-লো পাওয়ার মাইক্রোপ্রসেসর, যা গ্লাভস বা ভেজা হাতেও সহজে কাজ করবে।

 

ডিজাইনের দিক থেকেও আসছে বড় পরিবর্তন।

ফোনটিতে থাকতে পারে একেবারে বর্ডারহীন কার্ভড ডিসপ্লে, যা চারপাশ দিয়ে বাঁক নিয়ে পুরো ডিভাইসকে একটি কাঁচের স্ল্যাবের মতো করে তুলবে। অ্যাপলের বহুদিনের ‘সিমলেস গ্লাস’ স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে।

 

ব্যাটারিতেও মিলবে বড় আপগ্রেড। ধারণা করা হচ্ছে, এতে থাকবে প্রায় ৬ হাজার এমএএইচ সক্ষমতার ব্যাটারি। সঙ্গে থাকবে রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা-যার মাধ্যমে এই আইফোন দিয়েই অন্য ডিভাইস চার্জ করা যাবে।

সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন আসছে ডিসপ্লেতে। ফোনের স্ক্রিনের নিচেই লুকানো থাকবে ফেস আইডি, ফ্রন্ট ক্যামেরা এমনকি অডিও সিস্টেমও। ফলে স্ক্রিনে কোনো নচ বা হোল-পাঞ্চ থাকবে না,পুরো স্ক্রিনই হবে একটানা।

এছাড়া আরও কিছু উন্নত প্রযুক্তি যোগ হচ্ছে, যেমন ডুয়াল-লেয়ার ওএলইডি ডিসপ্লে, যা স্ক্রিনকে আরও উজ্জ্বল ও টেকসই করবে। নতুন প্রজন্মের সিরামিক শিল্ড ফোনকে পড়েও কম ক্ষতিগ্রস্ত করবে। আর বহু প্রতীক্ষিত প্রজেক্ট বঙ্গের ফিচারগুলোও এবার বাস্তবায়িত হতে পারে।

উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আনে অ্যাপল। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরেই ২০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ আইফোন উন্মোচন করা হতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি শুধু আরেকটি আইফোন নয়—বরং ভবিষ্যতের স্মার্টফোনের দিকনির্দেশনা নির্ধারণ করবে এই ডিভাইস।

সূত্র: খালিজ টাইমস