Image description

সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

সোমবার দুপুরে ডিসি সম্মেলনের অংশ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আগে যেমন চলেছে এখনো সেরকম চলার কোনো সুযোগ নেই। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও অসীম নয়।

উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রিতার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি যে ২০১৭ সালে নেওয়া অনেক প্রকল্প এখনও চলমান। বারবার প্রকল্পের সংশোধনী আনা হয়েছে এবং এর ফলে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

প্রকল্প বাস্তবায়নে ঠিক কোথায় বাধার সৃষ্টি হচ্ছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে এবং কীভাবে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

জেলা প্রশাসকদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ভূমি অধিগ্রহণসহ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ডিসিরা যেসব সমস্যার মুখোমুখি হন, তা তারা লিখিতভাবে জানিয়েছেন। সরকার এসব সমস্যা দ্রুত সমাধানে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপচয় এবং দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

ঢাকা টাইমস