Image description

সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগণনার প্রবণতায় বিজেপি ১৮০-র বেশি আসনে এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস একশোর কম আসনে এগিয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে দলের প্রার্থী ও নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় তিনি বলেন, কোনও প্রার্থী বা কাউন্টিং এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না যান। তার দাবি, এটা বিজেপির পরিকল্পনা। তিনি আরও বলেন, শুরুতেই বিজেপি এগিয়ে থাকবে—এ কথা আগেই জানানো হয়েছিল। তাই সবাইকে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।

মমতা অভিযোগ করে বলেন, ওদেরগুলো আগে দেখানো হচ্ছে, আমাদেরগুলো পরে দেখানো হবে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। কল্যাণীতে সাতটি মেশিনে অমিল ধরা পড়েছে বলেও উল্লেখ করেন।

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট হয়েছে বলে জানান তিনি।

মমতা দাবি, এখনও তৃণমূল ১০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে, যা নির্বাচন কমিশন প্রকাশ করছে না। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমাদের পুলিশ মাথা নত করে তাদের হয়ে কাজ করছে।

 

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড হয়েছে, মোট ১৮-১৯ রাউন্ড হয়। তখনই আপনারা জিতবেন। অপেক্ষা করুন।

পরিশেষে মমতা বলেন, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।