Image description

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছানোর খবরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। লিমনকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই তার পৈতৃক বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী।

পরিবারের সদস্যরা জানান, সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে লিমনের মরদেহ দেশে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেওয়া হয়। সব কিছু ঠিক থাকলে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে লিমনকে শেষবারের মতো দেখতে ইতোমধ্যে স্বজন ও এলাকাবাসী তার গ্রামের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিহতের জেঠা মাহবুবুর রহমান বলেন, ‘লিমন ছিল আমাদের পরিবারের প্রদীপ। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু সে লাশ হয়ে ফিরবে, তা কখনো ভাবিনি।’

পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব স্থানীয় একটি স্কুল মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে নিজ বাসা থেকে নিখোঁজ হন জামিল আহমেদ লিমন। পরে ২৪ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়।