‘আগামী পহেলা জুলাই থেকে, প্রত্যেক জুলাই যোদ্ধাদের জন্য নগদ ১২০০ টাকা ও ৫ কেজি করে চাউলের কার্ড চালু করতে যাচ্ছে সরকার।’ এমন শিরোনামে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। মূলত এ ধরনের কোনো কার্ড দেওয়ার ঘোষণা দেয়নি সরকার।
ফেসবুকে বাকশাল ০.২ নামে একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে ওপরের অংশে লেখা হয়েছে, ‘আগামী পহেলা জুলাই থেকে, প্রত্যেক জুলাই যোদ্ধাদের জন্য নগদ ১২০০ টাকা ও ৫ কেজি করে চাউলের কার্ড চালু করতে যাচ্ছে সরকার।’ উল্লিখিত পেজে ফটোকার্ডটি পোস্ট করার পর বিভিন্ন গ্রুপে শেয়ার করতে দেখা গেছে।
অন্যদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত, একটি পোস্টে দেড় হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি শ’খানেক মন্তব্য পড়তে দেখা গেছে। এতে শাহ আলমগীর নামে একজন মন্তব্য করেছেন, ‘জুলাই কার্ড চালু হয়ে গেছে। তাহলে জুলাইতে তো সারা বাংলাদেশের জনগণ আন্দোলন করেছে যে যার জায়গা থেকে। তাহলে সবাই কে কি কার্ড দেবে নাকি গণভোটের প্রস্তাব সঙ্গে প্রতারণা জুলাই সনদের গুরুত্বপূর্ণ জিনিসগুলোই বাস্তবায়ন হচ্ছে না কার্ড বাবা আসছেন কার্ড নিয়ে।’
তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও, ‘১২০০ টাকা নগদ ও ৫ কেজি চাল’ সংবলিত সরকারের কোনো কর্মসূচির অস্তিত্ব পাওয়া যায়নি।
অর্থ্যাৎ,‘আগামী পহেলা জুলাই থেকে, প্রত্যেক জুলাই যোদ্ধাদের জন্য নগদ ১২০০ টাকা ও ৫ কেজি করে চাউলের কার্ড চালু করতে যাচ্ছে সরকার।’ শিরোনামে প্রচারিত দাবিটি ভুয়া। এ ধরনের কোনো প্রকল্প সরকার ঘোষণা করেনি।