Image description

ডিম খায়নি এমন মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যাবে। খেতে সুস্বাদু। শরীরের প্রোটিন যোগায়, কম ক্যালরিযুক্ত এই প্রাকৃতিক খাবারে থাকে ভিটামিন ‘ডি’ও। অমলেট, সিদ্ধ, পোচ, কারি, পুডিং কতভাবেই না খাওয়া যায় এই ডিম।

দৈনিক খাদ্যাভ্যাসের পরিচিত উপাদান ডিম সুস্থ থাকতে, শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। সবাইকে প্রতিদিন একটা করে ডিম খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মজার ব্যাপার হলো এই ডিমেরও আছে অনেক ধরণ। আর ধরণ অনুযায়ী এর স্বাদ, রঙ, দাম ও সাইজের পার্থক্য রয়েছে।

যেমন- ফার্মের হাঁসের ডিম। এই ডিম সাইজে একটু বড়,কুসুম সাদা থাকে। গ্রাম-বাংলায় গেরস্থের ঘরে পালা হাঁসের ডিম সাইজে একটু ছোট। কুসুম হলুদ বা লাল রঙের। স্বাদ তুলনামূলক বেশি। দামও বেশি।

ফার্মের মুরগির ডিম অনেক ধরনের। লাল ও সাদা রঙের এসব ডিমের স্বাদ দেশি ডিমের চেয়ে কম। সেদ্ধ কিংবা পোচ যেভাবে খান নরম ও তুলতুলে। দামও কম। টাইগার ডিম নামে পাহাড়ি মুরগির ডিমও রয়েছে বাজারে। চাষ হওয়া এসব মুরগির ডিমের দাম বেশি স্বাদের কারণে। সবচেয়ে বেশি দাম গেরস্থের পালা দেশি মুরগির ডিমের। সাইজে একেবারেই ছোট। কিন্তু স্বাদে অতুলনীয়। চাষ করা সোনালী মুরগির ডিমও রয়েছে বাজারে । ফার্মের মুরগির ডিমের চেয়ে সাইজ কিছুটা ছোট। স্বাদ তুলনামূলক বেশি।

কাজীর দেউড়ি বাজারের ডিম বিক্রেতা সাইফুল ইসলাম জানান,‘হাঁস-মুরগির কেবল দেশি বা ফার্মের ডিম না, আরো অনেক নামের ডিম আছে। তাদের দাম যেমন আলাদা, তেমন তাদের বৈশিষ্ট্যও আলাদা।’

একই বাজারে আরেক বিক্রেতা ইকবাল হোসেন জানান,এক ডজন ডাবল ডিমের দাম ১৮০ টাকা, যা আসে মূলত মিরসরাই থেকে। এই ডিমের বৈশিষ্ট্য হলো এক ডিমেই থাকে দুইটি কুসুম।

এক ডজন টাইগার মুরগির ডিমের দাম থাকে ২০০ টাকা। ফেনী ও রাঙামাটিসহ পাহাড়ি এলাকা থেকে এই ডিম আসে। টাইগার ডিমের পুষ্টিগুণ বেশি থাকায় এসবের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় তাই তার চাহিদাও অনেক। এছাড়াও স্বাদের ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা।

ডজনপ্রতি হাঁসের ডিম বিক্রি হয় ২০০ টাকায়। এগুলো আসে বাঁশখালী, কিশোরগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি থেকে ট্রেনের মাধ্যমে। বিভিন্ন জেলা থেকে আসা ডিম চট্টগ্রামের পাহাড়তলীর আড়তে জমা হয়। সেখানে ডিলারদের থেকে ডিম কিনে নিয়ে যায় নগরীর বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীরা।

এক ডজন দেশী মুরগির ডিম ২৪০ টাকা, লাল কুসুমের ডিম ১৪০ টাকা, সাদা কুসুমের ডিম ১৩০ টাকা।

হাঁসের ডিমের মতো দেখতে সাদা ফার্মের মুরগির ডিমের দাম ১২০ টাকা। স্বাদ ও পুষ্টিগুণে অন্যান্য ডিমের থেকে কম হওয়ায় এর দামও কম। দাম কম হওয়ায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এই ডিম নিয়ে যাওয়া হয় বলে জানান ইকবাল।

বৃষ্টির কারণে মাছ ও মাংসের বাজার এখন চড়া। তাই সাধারণ মানুষের কাছে এখন ডিমই ভরসা।