কুমিল্লার লাকসামে বিয়ে বাড়িতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন জাতীয় সংসদ সদস্য আবুল কালাম। শুক্রবার দুপুরে লাকসাম উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মহান মে দিবসের আলোচনাসভা ও র্যালি শেষে কুমিল্লা -৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম একটি বাল্যবিয়ের খবর পান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদ আহমদকে নিয়ে ওই বাড়িতে যান। ঘটনার সত্যতা পেয়ে তিনি বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাল্যবিয়ে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তাই তিনি সকলকে লাকসাম-মনোহরগঞ্জ এলাকায় বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও তিনি ওই শিক্ষার্থীর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সহযোগিতার আশ্বাস দেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ওই শিক্ষার্থীর অভিভাবক থেকে মুচলেকা নেয়া হয়েছে।