ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়েমের নাম নিয়ে আলোচনা চলছে। তিনিই চূড়ান্ত প্রার্থী হচ্ছেন—দলীয় সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এমন দাবি করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনগুলোয় বলা হয়, ওই সম্মেলনে সাদিক কায়েম উপস্থিত ছিলেন। সেখানে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়।
তবে সম্মেলনে উপস্থিত থাকা নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে এশিয়া পোস্ট। নাম প্রকাশ না করার শর্তে এশিয়া পোস্টকে এক ব্যক্তি বলেন, ‘ইতিপূর্বে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা মেয়র প্রার্থী নির্বাচনের লক্ষ্যে পাঁচজনের নাম-সংবলিত একটি ব্যালটে ভোট গ্রহণ করে। ওই ব্যালটে সাদিক কায়েমের নামও ছিল এবং অন্য প্রার্থীদের তুলনায় তিনি এগিয়ে ছিলেন। ফলে মেয়র প্রার্থী হিসেবে তিনি অনেকটাই চূড়ান্ত ছিলেন। আজকের সম্মেলনেও মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমই সবার পছন্দের শীর্ষে ছিলেন।’
জামায়াতের নির্ভরযোগ্য একটি সূত্র এশিয়া পোস্টকে জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
তবে সম্প্রতি এ বিষয়ে সাদিক কায়েম খোলাসা করে বলেছেন, ‘আমি এখনো ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার প্রথম টার্গেট হচ্ছে ডাকসুতে আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের চমৎকার ক্যাম্পাস উপহার দেওয়া। সর্বস্তরের নাগরিকরা আমাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা আগ্রহ প্রকাশ করছে আমি যাতে সিটি নির্বাচনে মেয়র হিসেবে দাঁড়াই। জনগণের সিদ্ধান্তকে আমার সম্মান জানাতে হবে। বাকিটা সময়ই দেবে ইনশাআল্লাহ।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এশিয়া পোস্টকে বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণার খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে জানান, কিছু অনলাইন পোর্টালে ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সংবাদ প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্রশিবিরে যেকোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও দায়িত্বে থাকা কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার বিধান নেই।
আরও বলা হয়, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে সংগঠন থেকে বিদায় নেওয়ার পর কেউ চাইলে যেকোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।
এ অবস্থায় বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে প্রচারিত এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।