Image description

দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাজধানীর উত্তরায় মাথায় কাফনের কাপড় বেঁধে পিরোজপুর জেলা ছাত্রলীগ, বরিশালের গৌরনদী এলাকায় এবং চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করেছেন তারা। 

পিরোজপুরের ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার সকাল ৯টার দিকে তুরাগ থানার বেরিবাঁধ মহাসড়ক এলাকায় কাফনের কাপড় মাথায় বেঁধে একটি ঝটিকা মিছিল করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে মিছিলটি বের করেন।

মিছিলকারীরা মাথায় সাদা কাফনের কাপড় পরে বিভিন্ন স্লোগান দেন এবং সড়ক প্রদক্ষিণ করেন। এতে পিরোজপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

 

মিছিলে অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মী বলেন, প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের অবস্থান ও দাবি তুলে ধরতে চেয়েছেন। তাদের ভাষ্য, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির, সেই বিষয়টি তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিফ ইকবালের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান প্রকাশ করেন।

এদিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিলটি ভুরঘাটা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুরঘাটা বাসস্ট্যান্ডে ব্যানার সহকারে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের বহন করা ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা গেছে।

এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শুক্রবার সকাল ৬টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় মিছিল করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আড়াই মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলটিতে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আজ ভোর ৬টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। ২-৩ মিনিট মিছিল করে পালিয়ে গেছে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ, মোহরা এলাকা থেকে এসে মিছিল করে আবার চলে গেছে। এই ঘটনায় কেউ আটক হয়নি।’