Image description

আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আগামীকাল শুক্রবার। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক সংগ্রামের দিন। দিবসটি শ্রমিকের কাজের সময় ৮ ঘণ্টা নিশ্চিত করার প্রতীক ও শ্রমিক-মালিক সুসম্পর্ক ও ন্যায্য অধিকারের বার্তা দেয়। দিবসটিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

১৮ শতকের শেষদিকে শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের জীবন ছিল অত্যন্ত অমানবিক। তখন তাদের দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা, এমনকি কখনো ১৫-১৬ ঘণ্টাও কাজ করতে হতো। এই দীর্ঘ কর্মঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা করার দাবিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হতে শুরু করে। ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হেমার্কেট স্কয়ারে হাজার হাজার শ্রমিক আন্দোলনে নামেন। ৪ মে পুলিশ বিক্ষোভে গুলিবর্ষণ করলে বেশ কিছু শ্রমিক নিহত হন এবং পরে অনেক শ্রমিক নেতাকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। 

শ্রমিকদের এই মহান আত্মত্যাগ ও দাবিকে সম্মান জানাতে ১৮৮৯ সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ১ মে-কে 'আন্তর্জাতিক শ্রমিক দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে। সারা বিশ্বের ৮০টিরও বেশি দেশে এই দিনে সরকারি ছুটি থাকে।

শ্রমিক দিবস উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার ১ মে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সমাবেশের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাজধানীতে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন জানিয়ে নজরুল বলেন, এরইমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন করা হয়েছে, মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী কর্মজীবী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে উপস্থিত হবে। 

নজরুল ইসলাম খান বলেন, এই সমাবেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ জাতীয় নেতা এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। 

বিএনপির কর্মসূচি
বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি এ সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান স্থায়ী কমিটির এই নেতা। 

নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময়ে এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে।