‘ফুয়েল পাশ’ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি চালু হওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। ভোগান্তি পুরোপুরি না কমলেও পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। তেল সংগ্রহে এখনো লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের, তবে সেই দীর্ঘ লাইনের সারি আগের চেয়ে তুলনামূলক ছোট হয়েছে।
ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ আসলে এবং নির্ধারিত নিয়ম মেনে বিতরণ করা হলে গ্রাহকরা দুপুরের আগেই তেল পেয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতদিন তেল মজুদ ছিল, তারপরও একটি চক্র জ্বালানি তেলের কৃত্তিম সংকট তৈরি করেছিল। বর্তমান জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে। কমে গেছে ভোগান্তি। গতকাল সোমবার রাজধানীর পরীবাগের মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে যানবাহনের সারি দেখা গেছে। তবে সেটি গত কয়েক দিনের তুলনায় দীর্ঘ লাইন নেই, কমে গেছে। গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিগত গাড়ি চালান মো. আনিসুর রহমান। ১০ দিন আগে গাড়ির জন্য জ্বালানি তেল নিয়েছিলেন তিনি। তখন তাকে তেল নিতে রাজধানীর তেজগাঁওয়ের একটি পাম্পে লাইনে দাঁড়াতে হয়েছে ১০ ঘণ্টার মতো। গতকাল সোমবার বিকালে তিনি তেল নিতে এসেছেন রাজধানীর নিকুঞ্জে নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার পাম্পে। তার এবারের তেল নেয়ার অভিজ্ঞতা ভিন্ন। আনিসুর রহমান বলেন, ‘এর আগে তেল নিতে ১০ ঘণ্টার মতো সময় লেগেছিল। আমার লাইফে (জীবন) কখনো এত সময় তেলের জন্য অপেক্ষা করতে হয়নি। আজকে ভিড় কমেছে। আধা ঘণ্টার মতো হবে এসেছি, যেহেতু লাইন ছোট, ভিড় কম, মনে হচ্ছে, এখনই তেল পেয়ে যাব। আনিসুর রহমানের বক্তব্যের সত্যতা মিলল পাম্পটিতে তেলের জন্য অপেক্ষায় থাকা গাড়ির সারি দেখে। তবে রাজধানী মতিঝিলে রহমান পাম্প, পূণিমা পাম্পসহ বিভিন্ন তেল পাম্পে গ্রাহদের দীর্ঘ লাইন দেখা যায়নি।
গত সপ্তাহে প্রায় প্রতিদিনই পাম্পে তেল নিতে আসা গাড়ির সারি পৌঁছেছিল কুড়িলে ইউলুপের প্রবেশমুখ পর্যন্ত। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এই পাম্পে তেল নিতে এসেছেন রাইডার রফিক মোহাম্মদ। পাঁচ দিন আগেও তেল নিতে তাকে তিন ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়েছিল। আজ আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়েই তিনি পাম্পের কাছাকাছি পৌঁছান। তিনি বলেন, আগের তুলনায় দুর্ভোগ কিছুটা কমেছে। এখন লাইন স্বাভাবিক বলা যায়। এমন অবস্থা থাকলে আমাদের কষ্ট কিছুটা কমবে। প্রায় একই রকম অভিজ্ঞতার কথা জানান, তেল নিতে আসা আসিফ মাহমুদ। পেশায় একজন ব্যবসায়ী তেল নিতে এসেছেন রাজধানীর কাওলা এলাকা থেকে। এখন মোটামুটি স্বাভাবিক। ১৫ দিন আগে তেল নিয়েছিলাম। তখন দীর্ঘ লাইন ছিল।