দেশের সাত জেলায় গতকাল বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় শিশু-কিশোরসহ ৫, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে ১ জন করে প্রাণ হারান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বজ্রপাতে একটি গরু ও একটি ঘোড়াও মারা গেছে। গতকাল বিকালে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা, সাঘাটা উপজেলায় হেলেঞ্চা ও দেলুয়াবাড়ী চরে এ ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জে নিহতরা হলেন মোজাহিদ চৌধুরী ছোটনের ছেলে রাফি (১০), নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান (১৭), সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজার ছেলে ফুয়াদ হাসান (২৪)। এর মধ্যে মিজানুর রহমান এসএসসি পরীক্ষার্থী। আহত হয়েছেন শামীম আহম্মেদ (১৬)। তিনি একই এলাকার আবদুল হাই মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণসহ এক যুবক ও শিশুটি বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। এ ঘটনায় শামীম আহমেদ আহত হন। আহত শামীমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা উপজেলায় নিহতরা হলেন উপজেলার হলদিয়া ইউনিয়নের দেলুয়াবাড়ী চরের শুক্কুর আলীর ছেলে মানিক মিয়া (৩৫) এবং বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে নম্বর আলী (৬৫)।
স্থানীয়রা জানান, মানিক মিয়া যমুনা নদীর ঘাট থেকে ঘোড়ার গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার পরিবহনের ঘোড়াটি মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াক উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময়ে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ছাগল দেখতে গিয়ে বজ্রপাতে আহত হন নম্বর আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবদুর রশিদ (১৮) নামে একজন আহত হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও : পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সৈয়দপুর ও বিকালে কোষারানীগঞ্জ ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হাকিম।
সিরাজগঞ্জ : রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আবদুল হালিম শেখের ছেলে হাসান শেখ (৫০) ও তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত আবদুল গফুর আলীর ছেলে আবদুল হামিদ (৫০)।
জামালপুর : জামালপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হাসমত আলী হাসু ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার মর্জিনা আক্তার নামে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হবিবর আলীর ছেলে হাসমত আলী হাসু (৪৫) ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামের রাজিব কুলির স্ত্রী মর্জিনা আক্তার (২১)।
পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আবদুস ছামাদের ছেলে। এ ঘটনায় মোস্তফা নামে আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া : বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে। এ ছাড়া নাটোরের সিংড়ায় সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।