দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন, আজ রোববার বিকালে গাইবান্ধা জেলায় ৫ জনসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। আকস্মিক বজ্রপাতে এভাবে নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি। বজ্রপাতের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণ করার তাওফিক দানের জন্য দোয়া করেন।