সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড বানিয়ে নিম্নমানের চাল বিতরণ করে প্রতারণার ফাঁদ পেতেছিল একটি চক্র। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন সেই চক্রের মূল হোতা জেসমিন বেগম ও তার সহযোগী কামরুল হাসান মিদুল। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পলশা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে শিবগঞ্জ থানায় একটি এজাহার দেওয়া হয়। সেই এজাহারের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছিল তারা। সেটি আইনসম্মত কিনা, আদালতই সিদ্ধান্ত নেবেন।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া দুস্থ কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে জেসমিন বেগম ও কামরুল হাসান মিদুলের বিরুদ্ধে। ২৩ এপ্রিল শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান।
শীর্ষনিউজ