Image description

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি পরীক্ষায় জাতীয়তাবাদী মহিলা দল নেত্রীর পরিবর্তে প্রক্সি দিতে যাওয়া এক কলেজছাত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা শহরের জিলা স্কুল কেন্দ্র থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

পুলিশ হেফাজতে থাকা ছাত্রী বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 

কেন্দ্র সূত্রে জানা গেছে, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক খাতা স্বাক্ষরের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল দেখতে পান। এতে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী নিজের পরিচয় প্রকাশ করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

থানায় নেওয়ার পর ওই ছাত্রী জানান, বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন তার খালা। খালার অনুরোধে তিনি পরীক্ষায় অংশ নেন।

 

তবে নিপা খাতুন বলেন, পরীক্ষার সময় আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। অল্প সময়ের জন্য ভাগনিকে কেন্দ্রে রেখে যাই। মূলত আমিই পরীক্ষা দিচ্ছিলাম। ভুল-বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ওই ছাত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।